আসামি গ্রেপ্তারের পর বাদীর বাড়িতে হামলা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর অন্য আসামিরা বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সাফিয়া খাতুন (৩৮) ও মো. তারা মিয়া নামের দুজন আহত হয়েছেন। তারা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা ও আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, শেরপুর দক্ষিণপাড়া গ্রামের কনু মিয়া প্রতিপক্ষ ফজলুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মারধর, জমি দখলের অভিযোগে আদালতে মামলা করেন। এ খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা কনু মিয়ার পরিবারের সদস্যদের মারধর করেন। এ ঘটনায় কনু মিয়ার চাচাতো ভাই খোকন মিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলা করেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসিম উদ্দিন ও সোহেলকে আটক করে।
কনু মিয়া বলেন, মামলার আসামিদের ধরে নিয়ে যাওয়ার পরই তাঁর বাড়িতে হামলা চালিয়ে চাচি সাফিয়া ও বড় ভাইয়ের ছেলে তারা মিয়াকে মারধর করে আহত করেছে।