আসামি ছাড়তে ঘুষ নেওয়ার অভিযোগ
মাদকসহ হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তিকে আটক করেন পুলিশের এক কর্মকর্তা। একপর্যায়ে তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরিবার টাকা দিয়েও ওই ব্যক্তিকে ছাড়াতে পায়নি বলে অভিযোগ করেছে।
বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই কর্মকর্তা হারুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেন। গত রোববার ঢাকার আশুলিয়া থানায় ঘুষের টাকা লেনদেনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আর এ অভিযোগ উঠেছে ওই থানারই সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার বিরুদ্ধে । হারুনের ভাগনে সাঈদুল ইসলাম গতকাল সোমবার এই অভিযোগ করেন। জানতে চাইলে এএসআই মাসুদ রানা এ বিষয়ে কোনো কথা না বলে ফোনের লাইন কেটে দেন।
আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখও এ রকম অভিযোগ পেয়েছেন বলে জানান।
স্থানীয় লোকজন জানান, এএসআই মাসুদ রানা আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে গত রোববার বেলা দেড়টার দিকে হারুনকে আটক করেন। নিষেধাজ্ঞা থাকার পরেও তিনি সাদা পোশাকে অভিযান চালিয়ে তাঁকে মাইক্রোবাসে তোলেন। এরপর তিনি তাঁর কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে দাবি করে তাঁকে থানায় নিয়ে যান। হারুনের বাড়ি ধামরাই পৌর এলাকার কুমরাইলে।
হারুনের ভাগনে সাঈদুল অভিযোগ করেন, তাঁর মামাকে আটক করার পর এএসআই মাসুদ রানা মুঠোফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তাঁরা ওই দিন রাত আটটার দিকে আশুলিয়া থানায় যান। এ সময় হারুনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এএসআই মাসুদ তাঁদের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি এএসআই মাসুদের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। টাকা পাওয়ার পর হারুনকে থানাহাজতে রেখে তাঁদের কিছু সময় অপেক্ষা করার কথা বলে মাসুদ থানা থেকে বের হয়ে যান। এর পর আর তিনি থানায় ফেরেননি। রাতভর থানায় অপেক্ষা করেও তাঁর (মাসুদ রানা) দেখা মেলেনি।
আশুলিয়া থানা থেকে জানা গেছে, হারুনকে গ্রেপ্তার করার পর এএসআই মাসুদ রানা বাদী হয়ে গত রোববার রাতে তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে এএসআই মাসুদ দাবি করেন, হারুন ধামরাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতেই তাঁকে আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।