আসামি ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা?
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকায় মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, হামলায় পুলিশের দুই সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পুলিশ। তাঁদের নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন ফতুল্লা মডেল থানার এএসআই আবদুল গাফফার ও সোহেল রানা। পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশার চালক অনিকও আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের মাসদাইর ঘোষেরবাগ এলাকায় ফতুল্লা মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ও জাহিদকে আটক করে। হাবিবুরের কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সে সময় আশপাশে থাকা হাবিবুরের সহযোগীরা ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। অবস্থা বেগতিক দেখে পুলিশ আটক ব্যক্তিদের হাতকড়া লাগিয়ে দেয়। তবে হাবিবুর ও জাহিদকে ছাড়িয়ে নিতে তাঁরা প্রথমে পুলিশ সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। তাঁরা পিটিয়ে ও কুপিয়ে দুই এএসআইকে আহত করেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান তাঁরা। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।