আসামি ছিনতাই চেষ্টা ছয় পুলিশ আহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হত্যাসহ পাঁচ মামলার আসামি জামায়াত ক্যাডার মোহাম্মদ ওসমানকে (৩০) গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্বজনদের হামলায় ছয় পুলিশ আহত হয়েছে।
পরে পুলিশ হামলাকারীদের লক্ষ্য করে আট রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে ওসমানের বড় বোন সাজু আকতার (৪০) পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পুলিশ ওসমানকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সাজুকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খোট্টাপাড়া এলাকায়।
পুলিশ জানায়, রাজনৈতিক কর্মসূচি পালনের নামে সহিংসতা সৃষ্টি ও হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খোট্টাপাড়া এলাকার মৃত আবদুশ শুক্কুরের ছেলে ওসমানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তাঁর স্বজনেরা ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁদের হামলায় থানার এসআই ইয়াসির আরাফাত, এএসআই আনছারুল হক, কনস্টেবল বোরহান, হুমায়ুন, নাছির ও খোকনসহ ছয়জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় পুলিশ আট রাউন্ড ফাঁকা শটগানের গুলি ছুড়লে হামলাকারীরা সরে পড়ে এবং পুলিশ ওসমানকে থানায় নিয়ে আসে।
ওসমানের ছোট বোন শারমিন আকতার প্রথম আলোকে জানান, ‘বাড়ির পাশের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় পুলিশ আমার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় আমরা তাঁকে হাত ধরে টানাটানি করে ছাড়িয়ে নিতে চাইলে পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমার বড় বোন সাজু পায়ে গুলিবিদ্ধ হন। আমরা পুলিশের ওপর কোনো হামলা করিনি।’
সাতকানিয়া থানার এএসআই মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করতে গেলে আসামির স্বজনেরা চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার করা ব্যক্তিকে ছিনিয়ে নিতে চেষ্টা করেছে। ওই সময় পুলিশ আত্মরক্ষার্থে আট রাউন্ড ফাঁকা শটগানের গুলি ছোড়ে হামলাকারীদের সরিয়ে দিয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, ওসমান জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার। তাঁর বিরুদ্ধে থানায় বিভিন্ন সহিংসতা ও হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় ছয়জন পুলিশ আহত হয়েছে।