আসামি ছিনতাই-চেষ্টার অভিযোগে দুই বোন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আসামি ছিনতাই করার চেষ্টার অভিযোগে দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ওই দুই বোনকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুই বোন হলেন ছেনোয়ারা বেগম (৩৫) ও মর্জিনা বেগম শামীম (২০)। তাঁদের বাড়ি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া খোট্টাপাড়া এলাকায়।
সাতকানিয়া থানার পুলিশের ভাষ্য, গত বৃহস্পতিবার রাতে পাঁচ মামলার আসামি মোহাম্মদ ওসমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালান। তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে পুলিশের ছয় সদস্য আহত হন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় জামায়াতের ক্যাডার ওসমানের দুই বোন ছেনোয়ারা ও শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তার হওয়া দুই বোন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করার চেষ্টা করেছিলেন। এ অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।