আসামি ছিনতাইয়ের চেষ্টা আ.লীগ কর্মী গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী উপজেলায় আসামি ছিনতাই চেষ্টার অভিযোগে গতকাল শুক্রবার বাবুল মাস্টার নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। বাবুল মাস্টারের বাড়ি উপজেলার রতনদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ডাকাতি মামলার আসামি শরিফুল শেখ (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকাল ১০টার দিকে শরিফুলকে রাজবাড়ী আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় বাবুল মাস্টারের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন ব্যক্তি থানা ঘেরাও করেন। একপর্যায়ে শরিফুলকে পুলিশের গাড়িতে তোলা হলে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাবুল মাস্টারকে সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাই চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সরল মুরমু বাদী হয়ে বাবুল মাস্টারকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন।
কালুখালী থানার এসআই ওয়াদুদ আলম জানান, গতকাল বিকেলে বাবুল মাস্টারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী ২ নম্বর আমলি আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।