আসামি ছিনিয়ে নিতে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির এক নেতাকে গ্রেপ্তারের পর তাঁকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। একই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন গ্রেপ্তার আলী আহম্মদও। গতকাল শুক্রবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তবে বিএনপি নেতার পরিবারের দাবি, গ্রেপ্তারের সময়ই পুলিশ আলী আহম্মদের পায়ে গুলি করেছে। তিনি সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে।
পুলিশের দাবি, সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রাম থেকে আলী আহম্মদকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের লোকজন ও সমর্থকেরা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গ্রেপ্তারের পর থানায় নিতে পুলিশ তাঁকে একটি অটোরিকশায় তুলেছিল। অটোরিকশা যাওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল নিক্ষেপ এবং বন্দুকের কয়েকটি গুলি ছোড়া হয়। পুলিশও বাধ্য হয়ে পরে আত্মরক্ষার্থে ২৫টি গুলি ছোড়ে। একপর্যায়ে আলী আহম্মদের সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় নিজ সমর্থকদের বন্দুকের গুলিতে তিনি আহত হন। আলী আহম্মদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
পুলিশ জানায়, হামলার ঘটনায় উপপরিদর্শক (এসআই) নাসির আহম্মদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টাকালে পুলিশের ওপর হামলা হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ ২৫টি গুলি করে। আলী আহম্মদের সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় তাদের বন্দুকের গুলিতে তিনি আহত হয়েছেন।