আসামি ছেড়ে দেওয়ার নামে পুলিশের ঘুষ-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন রেজা আটক হওয়া এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু তিনি তাঁকে ছেড়ে তো দেনইনি, উপরন্তু তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন।

এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া ব্যক্তির ছোট ভাই ঘনিরামপুর গ্রামের রবিউল ইসলাম ১৮ মার্চ রংপুরের ডিআইজি ও এসপির কাছে  অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সফিকুল ইসলামকে (৩৫) তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাঁর মুদি দোকান থেকে এসআই হুমায়ন রেজা আটক করে থানায় নিয়ে যান। এরপর তাঁর ভাই রবিউল ইসলাম থানায় গেলে ওই এসআই তাঁকে বলেন, সফিকুলকে মামলা দিয়ে জেলে পাঠানো হবে। তবে এক লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রবিউল তাঁর ভাই সফিকুলকে থানা থেকে ছাড়িয়ে আনতে ঘনিরামপুর গ্রামের নওয়াব আলী, আলমগীর হোসেন, মাজেদুল ইসলাম ও বালাপাড়া গ্রামের কামাল হোসেনের উপস্থিতিতে এসআই হুমায়ন রেজাকে ২৫ হাজার টাকা ঘুষ দেন। কিন্তু টাকা নেওয়ার পর সফিকুলকে আদালতে না পাঠিয়ে পরদিন রংপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি থানায় আগের দায়ের করা পাঁচটি মামলায় আসামি করে তাঁকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়।

সফিকুলকে মামলা দিয়ে কারাগারে পাঠানোর কারণে তাঁর ভাই রবিউল পুলিশের ওই এসআইয়ের কাছে ঘুষের সেই ২৫ হাজার টাকা ফেরত চান। এতে ক্ষুব্ধ হয়ে এসআই হুমায়ন রেজা রবিউলকে ক্রসফায়ারে মারার হুমকি দেন। রবিউল ইসলাম বলেন, ‘পুলিশের ওই এসআইয়ের হুমকির কারণে আমি ও আমার পরিবারের লোকজন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

উপজেলার বালাপাড়া গ্রামের কামাল হোসেন বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি রাত আটটায় ওই এসআই আমার উপস্থিতিতে তারাগঞ্জ থানায় রবিউলের কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন।’

এসআই হুমায়ন রেজা বলেন, ‘সফিকুল ও রবিউল ইসলাম জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সঠিক নয়।’ রবিউল ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, ‘এ ধরনের অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নিতাম।’