সিলেটে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে হামলার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত প্রায় ১১টায় শাহপরান থানার একদল পুলিশ নগরের বালুচরের জোনাকি আবাসিক এলাকা থেকে হিরন মাহমুদকে গ্রেপ্তার করে। তাঁকে গতকাল দুপুরে সিপিবি-বাসদের সমাবেশে হামলার মামলা ও আরেকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সিলেট মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক সাইফুজ্জামান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরের কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশ চলাকালে হিরন ছাত্রলীগের একটি মিছিল নিয়ে হামলা চলান। এ সময় মঞ্চে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বক্তৃতা করছিলেন। ওই হামলায় সিপিবির নেতা মুজাহিদুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পরদিন সিলেট কোতোয়ালি থানায় হিরনসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক। মামলার পর হিরন গ্রেপ্তার এড়াতে যুক্তরাজ্যে চলে যান। পরে আবার দেশে ফিরে এসে বালুচরের জোনাকি আবাসিক এলাকায় বাস করছিলেন।
গতকাল দুপুরে আদালতে হাজির করার সময় হিরন সিপিবি-বাসদের সমাবেশে হামলা প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘হামলা নয়, সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় কয়েকজন মঞ্চে ওঠায় তাঁদের ফিরিয়ে নিতে মঞ্চে উঠেছিলাম। আমি হামলা করেছি কেউ প্রমাণ দিতে পারবে না।’