আসামি ধরতে গিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, আহত ১২
হবিগঞ্জে আসামি ধরতে গিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। জেলার বানিয়াচং উপজেলার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় গতকাল শুক্রবার ৬০ জনকে আসামি করে মামলা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ওমরপুর গ্রামে যায়। তারা গ্রামের ওসমান গনি, মেহের গনি, জাহের গনি ও তাহের গনি নামের চার ভাইকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মারামারির ঘটনায় একটি মামলা ছিল। আসামিদের থানায় নিয়ে আসার সময় তাঁদের আত্মীয়স্বজনেরা ডাকাত, ডাকাত বলে পুলিশকে ধাওয়া করেন। গ্রামবাসীও তাঁদের সঙ্গে যোগ দেন। গ্রেপ্তার করা চার ব্যক্তিকে সবাই মিলে ছিনিয়ে নেওয়ার সময় গ্রামবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ২০টি ফাঁকা গুলি ছুড়লে ১২ জন আহত হন। আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নেন।
এ ঘটনায় গতকাল বানিয়াচং থানায় পুলিশ ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে।