আসামি ধরতে গিয়ে হামলায় ৭ পুলিশ আহত
দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামে আজ বুধবার রাতে গাড়ি পোড়া মামলার এক আসামি ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন উপপরিদর্শক (এসআই) তপন কুমার বাকচী, সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, কনস্টেবল বিপুল চন্দ্র রায়, তানভীর হাসান, নাজমুল হক, আসলাম পারভেজ ও শাহাদাত হোসেন। তাঁদের মধ্যে বিপুল চন্দ্র রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়পুরে গাড়ি পোড়ানো মামলার আসামি জসিম উদ্দিন মোল্লাকে আজ রাত আটটার দিকে ভেলানগর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এ সময় জসিম উদ্দিনকে ছাড়িয়ে নিতে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায় । এতে পুলিশের সাত সদস্য আহত হন।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার পরও জসিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।