আসামি ধরতে গিয়ে গণরোষে সাদাপোশাকের পুলিশ
কুষ্টিয়ার দৌলতপুরে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে জনতার রোষানলে পড়ে পুলিশ। পরে স্থানীয় বিজিবির ক্যাম্পের সদস্যরা পুলিশ সদস্যদের উদ্ধার করে ক্যাম্পে নেন। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের থানায় নিয়ে আসেন।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকুড়িয়া ভাঙ্গাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকাল আটটার দিকে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহমেদ পুলিশের দুজন কনস্টেবল নিয়ে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযানে যান। হাকিম নামের স্থানীয় এক সোর্সকে নিয়ে পুলিশ যায় ফকির মণ্ডলের ছেলে মাইনুদ্দিন মণ্ডলের (৩৫) বাড়িতে। তবে পুলিশের গায়ে কোনো ইউনিফর্ম (পুলিশের নির্ধারিত পোশাক) ছিল না। মাইনুদ্দিন এ সময় বাড়িতে ছিলেন না। সেখানে পুলিশের গতিবিধি দেখে স্থানীয় লোকজন মাইনুদ্দিনের বাড়িতে অভিযান ও তাঁকে গ্রেপ্তারের ব্যাপারে জানতে চান। এ নিয়ে জনতার সঙ্গে সাদাপোশাকের পুলিশদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লোকজন জড়ো হয়ে উত্তেজিত হয়ে ওঠেন। পুলিশের সদস্যরাও চড়াও হলে বিক্ষুব্ধ এলাকাবাসী সোর্স হাকিমসহ পুলিশকে লাঞ্ছিত করার চেষ্টা করে।
এলাকায় উত্তেজনার খবর পেয়ে স্থানীয় ঠোঁটারপাড়া বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাদাপোশাকে থাকা এসআই, দুই কনস্টেবল ও সোর্স হাকিমকে উদ্ধার করে ক্যাম্পে নেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান ঘটনাস্থলে যান। বিজিবি ওসির কাছে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হস্তান্তর করে।
এসআই প্রথম আলোকে বলেন, ‘৭টা ৩৫ মিনিটে থানায় জিডি করে অভিযানে বের হয়েছিলাম। গত ১৮ মে ওই এলাকায় মাদকের একটি মামলা হয়। মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামির জিজ্ঞাসাবাদে মাইনুদ্দিনের নামে আসে। এ জন্য তাকে ধরতে অভিযান চালানো হয়। তাকে ধরতে কৌশল অবলম্বনে পুলিশি পোশাক ছাড়ায় অভিযান চালানো হয়।’
এসআই বলেন, ‘বিজিবি ক্যাম্পে থাকার পর ওসি সেখানে গেলে আমরা থানায় চলে আসি। এ ছাড়া তেমন কিছু হয়নি। ওই এলাকার মাদক ব্যবসায়ীরা খুবই বেপরোয়া, সেটা জানা ছিল না।’
ঠোঁটারপাড়া বিজিবি বিওপি ক্যাম্পের হাবিলদার নুরে আলম সিদ্দীকি বলেন, জনতার রোষানল থেকে সাদাপোশাকধারী পুলিশ সদস্যদের উদ্ধার করে ক্যাম্পে নেওয়া হয়। পরে দৌলতপুর থানার ওসির হেফাজতে তাঁদের দেওয়া হয়।
দৌলতপুর থানার ওসি বলেন, সীমান্ত এলাকায় মামলার আসামি ধরতে গিয়ে একটু ঝামেলা হলে বিজিবির সহায়তায় তা নিরসন হয়।