কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মো. রানা (২৫) নামের এক যুবককে গত মঙ্গলবার সকালে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে গতকাল বুধবার বিকেলে সুজানগর এলাকায় পুলিশের সঙ্গে আসামিদের গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক, পুলিশসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ১০ ব্যক্তিকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নগরের ১৬ নম্বর ওয়ার্ডের কাটাবিল রূপায়ণ হাউজিং প্রকল্পের উত্তর পাশের সড়কে সুজানগর এলাকার মো. আবদুল জলিলের ছেলে মো. রানাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রানার বাবা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার ৬ নম্বর আসামি জামাল হোসেনকে গ্রেপ্তার করতে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ গতকাল বেলা দুইটার দিকে সুজানগরের নবগ্রাম এলাকায় যায়। পুলিশ জামালকে সুজানগরের বউবাজারে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর জামালকে নিয়ে পুলিশ থানায় ফিরে আসছিল। সে সময় ওই হত্যা মামলার ১ নম্বর আসামি মো. শাহ আলমের নেতৃত্বে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ও ককটেল ছোড়ে। তারা জামালকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালায়।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে শাহ আলম ও তার লোকজন গুলি করে। এতে এসআই মোস্তফা মাহমুদের পায়ে ও মজনু মিয়ার কোমরে গুলি লাগে। পুলিশও তখন পাল্টা গুলি ছুড়ে। এ সময় মামলার অন্যতম আসামি সজীব মিয়া গুলিবিদ্ধ হয়। একই সঙ্গে কালের কণ্ঠর কুমিল্লার আলোকচিত্রী হুমায়ুন কবির ডান ঊরুতে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১৩০টি গুলি ছুড়ে। এ সময় পুলিশ শাহ আলম ও তার আট সহযোগীকে দুটি এলজিসহ গ্রেপ্তার করে।
মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় নিহত মো. রানা ২০১৪ সালে সন্ত্রাসী হামলায় নিহত নবগ্রাম এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী জানু মিয়া হত্যা মামলার আসামি ছিলেন। রানা সবজি ব্যবসায়ী ছিলেন।
নিহত রানার বাবা আবদুল জলিল দাবি করেন, গত মঙ্গলবার জানু মিয়া হত্যা মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন তাঁর ছেলে। এ সময় চার-পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত সিএসজিচালিত একটি অটোরিকশায় রানাকে তুলে নেয়। পরে কাটাবিল এলাকায় রানাকে প্রকাশ্যে গুলি করে রফিক উদ্দিন মেমোরিয়েল উচ্চবিদ্যালয়ের পাশের ডোবায় ফেলে রাখা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশের কাজে বাধা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হবে।