আসামি ধরতে গিয়ে ভাঙচুর ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলার আসামি ধরতে গিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে থানার এক এসআইয়ের বিরুদ্ধে। এ সময় পুলিশ রোকসানা নামের এক নারীকে আটক করে। গত শনিবার গভীর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী ভূইয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার আসামি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে কালাদী ভূইয়ারটেক এলাকায় বিদ্যুতের নতুন ট্রান্সফরমার বসানোর জন্য সবার কাছ থেকে টাকা তোলেন স্থানীয় লোকজন। সে সময় এলাকার প্রবাসী ইব্রাহীমের স্ত্রী রোকসানা বেগম ট্রান্সফরমার কেনার জন্য রমজান আলীর ছেলে সবুজ মিয়ার কাছে টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে সবুজ ছোরা নিয়ে রোকসানাকে ধাওয়া করেন। ঘটনাটি রোকসানা তাঁর আত্মীয় তারা মিয়াকে জানালে তিনি সবুজকে জিজ্ঞাসা করতে যান। তাঁর ওপরও ক্ষিপ্ত হন সবুজ। এ ঘটনার কয়েক দিন পর তারা মিয়া স্থানীয় নবারুণ জুট মিলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে সবুজ তাঁর ওপর হামলা করেন। পরে তারা মিয়ার চাচাতো ভাই ফিরোজ মিয়া সবুজকে মারধর করেন। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর রূপগঞ্জ থানায় মামলা করেন সবুজ।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের আহমেদ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুজন কনস্টেবল ও মামলার বাদী সবুজ মিয়াকে সঙ্গে নিয়ে আসামিদের বাড়িতে যান। কোনো আসামি না পেয়ে তাঁদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় এসআই জুবায়ের আহমেদ মামলার আসামি হোসেন মিয়ার ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা, প্রবাসী ইব্রাহীমের ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, তারা মিয়ার ঘরের শোকেজ ভেঙে ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার, ফিরোজ মিয়ার স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা এবং বেলায়েত হোসেনের ঘর থেকে গরু বিক্রির ৪০ হাজার টাকা লুটে নিয়ে যান। এ সময় পুলিশ হোসেনের স্ত্রী রোকসানাকে আটক করে।

তবে এসআই জুবায়ের আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ৮-১০ জন পুলিশের একটি দল মামলার এজাহারভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। অভিযানের পর গতকাল দুপুরে পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়। মূলত বাদীকে বিপদে ফেলা ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে।