আসামি ধরতে গিয়ে রক্তাক্ত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া গ্রামে রোববার বিকেলে আসামি ধরতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছেন সদর থানার দুই পুলিশ কর্মকর্তা। ওই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আহত দুই পুলিশ সদস্য হলেন: লালমনিরহাট সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবলু রহমান ও নুরুল হক। বাবলুকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুলকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লালমনিরহাট সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নিজপাড়া গ্রামের শামীম আহমেদ বাড়িতে অবস্থান করছেন বলে খবর পেয়ে সদর থানার এএসআই নুরুল হক ও এএসআই বাবলু রহমান ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিষয়টি ওই এলাকার টহল পুলিশ দলকেও জানান তাঁরা। দুই পুলিশ কর্মকর্তা শামীমের বাড়িতে ঢুকে পড়লে তিনি (শামীম) পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা তাঁকে জাপটে ধরলে তিনজনই মাটিতে পড়ে যান। তখন শামীমের স্বজনেরা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পুলিশকে মারতে থাকে। এতে ব্যাটের আঘাতে এএসআই বাবলু অচেতন হয়ে পড়েন। আহত হন নুরুল হকও। এরই মধ্যে টহল পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হলে শামীমের কয়েকজন স্বজন পালিয়ে যান। শামীম, তাঁর স্ত্রী লাইলী বেগম ও ভাই আইনুল হককে আটক করে পুলিশ। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) আবদুর রহিম এবং এএসপি (সার্কেল) সোহরাওয়ার্দী ঘটনাস্থল পরিদর্শন করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, তিনজনকে আটক করা হয়েছে। পুলিশকে মারধর করে আহত করা, সরকারি সম্পদ লুট করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।