আসামি ধরতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধরতে গিয়ে হামলায় দুই সহকারী উপপরিদর্শকসহ তিন পুলিশ আহত হয়েছেন। আসামির স্বজনেরা ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বিরল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আলম (৪০), মো. নূরুজ্জামান (৩৮) ও কনস্টেবল শহীদুল আলম (৩০)। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাই সরকারের নেতৃত্বে সাতজন পুলিশ ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করতে ইউপি কার্যালয়ে আসেন। এ সময় চেয়ারম্যানের ভাই, ভাতিজা ও উপস্থিত সমর্থকেরা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে নুর ইসলাম তাঁর কার্যালয় থেকে পালিয়ে যান।
পুলিশের ভাষ্যমতে, ইউপি চেয়ারম্যান নুর ইসলামের বিরুদ্ধে অস্ত্র চোরাচালান, মাদক, হত্যাসহ একাধিক মামলা আছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যানের ছেলে সাখাওয়াত হোসেন, ছোট ভাই আলমগীর ও ধর্মজৈন কাড়োলিয়াপাড়ার সালাহউদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।