আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন গ্রামে চোরাই মালামাল উদ্ধার ও আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশকে অন্তত সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
রংপুরের পীরগঞ্জ এসআই শাহিনুর ইসলাম সিদ্দিকী ওই ঘটনায় বাদী হয়ে সরকারি কাজে বাধাদান, আসামি ও আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টা এবং পুলিশকে মারপিটের অভিযোগে বদরগঞ্জ থানায় গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন। মামলায় স্থানীয় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর পীরগঞ্জের রুর্জিপাড়া গ্রামের লেবু মিয়ার একটি ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় পুলিশ গ্রামের শাহজাহান আলীকে (৩০) গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী এসআই শাহিনুর পুলিশ ফোর্স নিয়ে গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বদরগঞ্জের বাতাসন গ্রামের আবুল কাশেমের (৩০) বাড়িতে অভিযান চালান। তখন বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশ সদস্যদের ঘিরে ডাকাত ডাকাত করে চিৎকার করতে থাকে। মুহূর্তে গ্রামবাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে এসআই শাহীনুরসহ অন্তত ১০ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে মিঠাপুকুর ও বদরগঞ্জ থানার পুলিশ গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ সময় গ্রামের মনছুর আলী (৫৮), আলামিন (৩০) ও মোস্তাফিজার রহমানকে (২১) আটক করা হয়।
এসআই শাহীনুর বলেন, ‘লোকজন আমাদের ওপর হামলা ও আমাদের অন্তত সাড়ে চার ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখে।’ তবে আবুল কাশেম পালিয়ে গেছেন বলে জানান তিনি।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান দাবি করেন, পুলিশের ওপর হামলার ঘটনায় পীরগঞ্জ থানার কনস্টেবল আবদুল হাই (৩৫) ও শামসুল ইসলাম (৪৫) আহত হন। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।