আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় চার পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশের আরেকটি দল আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। আজ শুক্রবার বেলা একটার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার বিকেলে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাঁদের থানায় প্রবেশে বাধা দেয় পুলিশ। পরে মুঠোফোনে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, যুবলীগ কর্মী রিয়াজ উদ্দিন হত্যা মামলার আসামি রমজান আলীকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যান তাঁরা। পুলিশকে দেখে রমজান বাহিনীর সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, কিরিচ, ককটেল তাঁদের ঘিরে ফেলে। পরিস্থিতি খারাপ দেখে তাঁরা ফিরে আসছিলেন। পথে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁর পিঠে কোপ লাগে। এ ছাড়া তিন কনস্টেবলকে বেধড়ক পেটানো হয়। সুজয় কুমার আরও বলেন, সন্ত্রাসীরা মসজিদের মাইক ব্যবহার করে ডাকাতের আক্রমণ হয়েছে ঘোষণা দিলে স্থানীয় বাসিন্দারাও হামলায় অংশ নেন।
পুলিশ জানায়, চার পুলিশ সদস্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, বারৈয়ারঢালা ইউনিয়নের চেয়ারম্যান রায়হান উদ্দিনের নির্দেশে পুলিশের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫টি গুলি ছোড়ে। ওসি জানান, চেয়ারম্যান নিজেও একটি হত্যাচেষ্টা মামলার আসামি। পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে গেলে হামলা চালাতে নির্দেশ দিয়ে রেখেছেন তিনি। এ ঘটনায় নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তবে বিষয়টি অস্বীকার করেছেন চেয়ারম্যান রায়হান উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর কোনো বাহিনী নেই। পুলিশের ওপর হামলা করতে কাউকে নির্দেশও দেননি তিনি। তবে পুলিশের গুলিতে তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান তিনি।