আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ শুক্রবার দুপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে দেলোয়ার হোসেন (৩৫) নামের একজন আহত হন। দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। 

পুলিশ জানায়, আজ সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোডের তালতলা শাহী মসজিদসংলগ্ন এলাকায় আবদুল লতিফ মিয়া নামের একজনকে তাঁর ছোট ভাই কুপিয়ে জখম করেন। এ ঘটনায় আহত লতিফ তাঁর ভাই দেলোয়ার হোসেন ও দেলোয়ারের সহযোগী মোক্তারকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে ওই এলাকায় যায়। তখন দেলোয়ার ও মোক্তারসহ অন্যরা পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এতে এসআই সাখাওয়াত হোসেন এবং কনস্টেবল ইকবাল, শাহজাহান ও মজিবুর আহত হন। তখন পুলিশের ছোঁড়া শটগানের গুলিতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান।
এসআই সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, তাঁরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দেলোয়ার ও মোক্তার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। হামলায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।