আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝনঝইন্যা সেতু এলাকায় আসামি ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা হলেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। পুলিশ জানায়, ঝনঝইন্যা সেতু এলাকার ছৈয়দ নুর নামের এক আসামিকে ধরতে রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযানে যায়। আসামির বাড়িতে ঢোকার পর দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে আসামির স্বজনেরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দায়ের কোপে গুরুতর আহত হন রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, আসামির আত্মীয়স্বজন পুলিশকে বহনকারী গাড়িটি ভাঙচুর করে এবং অভিযানে থাকা অন্য পুলিশ সদস্যদের আটকে রাখে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে।

কক্সবাজারের পুলিশ সুপার গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী লোকজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।