কুমিল্লায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় তার ভাইকে কোপানোর ঘটনায় করা অভিযোগ ৪৮ ঘণ্টার মধ্যে এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযোগে থাকা আসামি নজরুলকে অবিলম্বে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লার বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ১৯ জানুয়ারি আদালতে দাখিল করতে বাঙ্গরা থানার ওসিকে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ২২ জানুয়ারি দিন রেখেছেন আদালত।
‘কুমিল্লার বাঙ্গরা: বোনকে ধর্ষণ, ভাইকে কোপ, থানায় সালিস’ শিরোনামে ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
মোতাহার হোসেন পরে প্রথম আলোকে বলেন, ধর্ষণের ওই ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।