দিনাজপুরের খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে আসামি না পেয়ে এক যুব মহিলা লীগের নেত্রীর বাড়ির আসবাব ভাঙচুর, শিশুসহ ছয়জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য মোছাম্মৎ নুরায়না আক্তার ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরায়না বলেন, ‘হাকিনুর রহমান নামে সার ও কীটনাশক ব্যবসায়ী আমার বিরুদ্ধে থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় আমাকে ধরতে গত শুক্রবার রাতে ওসি কৃষ্ণকুমার সরকারের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য আমার বাড়িতে যান। আমাকে না পেয়ে ওসি কৃষ্ণকুমার সরকার ক্ষিপ্ত হয়ে প্রথমে আমার ভাসুর আবদুল হামিদ, ভাসুরের স্ত্রী ফাতেমা বেগম, ভাতিজির জামাই সাইদুল হক, ভাতিজি পারুল আক্তার, ননদ সেলিনা আক্তার এবং ননদের শিশুকন্যা মৌসুমীর ওপর চড়াও হন। এ সময় পুলিশ সদস্যরা ওই ছয়জনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এ ছাড়া তাঁরা আমার বাড়িঘরের মালামাল ভাঙচুর করেন ও অকথ্য ভাষায় মা, মাসি তুলে গালিগালাজ করেন। ঘটনার সময় প্রতিবেশীরা টের পেলেও উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পাননি। পুলিশ চলে গেলে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।’
নুরায়না বলেন, ‘আমি পুলিশের এমন আচরণে নির্বাক, হতভম্ব হয়েছি ও ভাবছি সরকারি দলের কর্মী হওয়ার পরও পুলিশ একটি মিথ্যা মামলায় আমাকে ও আমার পরিবারকে কীভাবে হেনস্তা করছে। আমাকে যে মামলায় ফাঁসানো হয়েছে, সেটিও পুলিশের সাজানো নাটক।’ নুরায়না ওসি কৃষ্ণকুমার সরকারের অমানবিক আচরণ ও নির্যাতনের বিচার দাবি করেন।
ওসি কৃষ্ণকুমার সরকার গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নুরায়নার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। পুলিশ ওই মামলা আদালতে পাঠিয়ে দিয়েছে। আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলেও ওই অভিযানে তিনি যাননি।