আসামি পালানোয় তিন পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতকড়াসহ সাজাপ্রাপ্ত এক আসামি পালানোর ঘটনায় লালমনিরহাট পুলিশ ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গতকাল রোববার তাঁদের বরখাস্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই তিন পুলিশ হলেন, পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক এসআই মনছুর আলী এবং কনস্টেবল মোতালেব হোসেন ও শামসুল ইসলাম।
আজ সোমবার বিকেলে লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বরখাস্ত তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, গত শুক্রবার রাতে লালমনিরহাট পৌরসভার গোসলাবাজার এলাকা থেকে রনি ইসলাম (৩২) নামের এক যুবককে গাঁজাসহ আটক করে লালমনিরহাট পুলিশ ফাঁড়ির একটি টহলদল। পরে তাঁকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমান আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। প্রশাসকের কার্যালয় থেকে একটি ইজিবাইকে তাঁকে লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু থানার প্রধান ফটকের সামনে নামার পর রনি পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।
পুলিশ জানায়, ওই আসামিকে থানায় নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন ওই তিন পুলিশ। দায়িত্বে অবহেলায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।