আসামি পালানোর ঘটনায় ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার নাটোর জেলা পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছেন পুলিশের স্থানীয় কর্তৃপক্ষ।


সাময়িক বহিষ্কৃত চারজন হলেন এএসআই এহতেসাম এবং কনস্টেবল রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মিজানুর রহমান।

নাটোর জেলা কারাগারের জেল সুপার ফারুক হোসেন জানান, নাটোর পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক (এএসআই) এহতেসাম ও তিন কনস্টেবল মঙ্গলবার রাত ১২টার দিকে নাটোর কারাগার থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি শামীম হোসেনকে (২৩) নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে করে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে সাভারের আমিনবাজার আসামি শামীম হোসেন ডান্ডাবেড়ি খুলে বাস থেকে লাফিয়ে অন্য একটি বাসে চড়ে পালিয়ে যায়। এদিকে ঘটনাটি জানতে পেরে সাভার মডেল থানা-পুলিশ আসামি শামীমকে গ্রেপ্তার করতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। তবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

পলাতক শামীম হোসেন নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, ঘটনাটি তদন্ত করে চার পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।