টাঙ্গাইলের সখীপুরে একটি নির্জন ঘরে ৬ মাস ১৭ দিন আটকে রেখে তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি মো. বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা করার পাঁচ দিন পর গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, যে পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করা হয়েছে, তার মালিক বাদল মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকেলে নারী ও শিশু আদালতের হাকিম রুপম কান্তি দাস তার জবানবন্দি রেকর্ড করেছেন। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
নিখোঁজের ৬ মাস ১৭ দিন পর গত রোববার রাতে সখীপুরের ওই নির্জন বাড়ি থেকে ওই তরুণীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে বাদল মিয়াকে আসামি করে গত সোমবার রাতে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মেয়েটির পরিবার ও থানা-পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১১ জানুয়ারি মেয়েটি তাঁর নানাবাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরি করে নিখোঁজ হয়। বছর তিনেক আগে মেয়েটির মা মারা যাওয়ায় বাবা আরেকটি বিয়ে করেন। এতে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রেমের টানে মেয়েটি বাড়ি ছেড়েছে ভেবে মেয়ের ভাই ওই সময় তার নিখোঁজ হওয়ার বিষয়ে স্থানীয় থানায় জিডি করেননি বলে মামলায় উল্লেখ করেছেন।
সখীপুর থানা-পুলিশ জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে টাঙ্গাইলের এক কলেজছাত্রের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাচা সম্পর্কের প্রতিবেশী বাদল মিয়া প্রেমিকের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যান। মেয়ের ভাই অভিযোগ করেন, পরিত্যক্ত ওই বাড়ির নির্জন ঘরটিতে দীর্ঘদিন তাঁর বোনকে আটক রেখে শারীরিক, মানসিক নির্যাতনসহ ধর্ষণ করেন বাদল।
এদিকে বাদল মিয়া গ্রেপ্তার হওয়ার খবর প্রচারিত হওয়ায় গতকাল বেলা তিনটায় হাতীবান্ধা ইউনিয়নবাসীর ব্যানারে সখীপুর-ঢাকা সড়কের তক্তারচালায় পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে কান্তার পল্লি যুব সমাজ নামে একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। সখীপুর-সীডস্টোর সড়কের বাগবেড় বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বাগবেড় বাজার বণিক সমিতির সভাপতি সেকান্দার হোসেন, আইনজীবী আনোয়ার হোসেন, কান্তার পল্লি যুব সমাজ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বারী প্রমুখ বক্তব্য দেন।