
ছোট্ট শরীরে কমপ্রেসরের নল ঢুকিয়ে গ্যারেজের কর্মী শিশু রাকিবকে (১২) হত্যার অন্যতম আসামি বিউটি বেগমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর হত্যার এ ঘটনায় ক্ষোভে এবং দোষী ব্যক্তিদের উপযুক্ত বিচারের দাবিতে গতকাল উত্তাল ছিল খুলনা। হয়েছে বিক্ষোভ-মিছিল, সংবাদ সম্মেলন, মানববন্ধন।
গতকাল বৃহস্পতিবার সকালে বিউটি বেগমকে জিজ্ঞাসাবাদ করতে ওই রিমান্ড মঞ্জুর করেন খুলনা মহানগর হাকিম ফারুক ইকবাল। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ বিকেলে প্রথম আলোকে বলেন, বিউটি বেগমের ১০ দিনের রিমান্ড চেয়ে গত মঙ্গলবার আদালতে আবেদন করা হয়েছিল। গতকাল আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই কর্মকর্তা বলেন, ‘বিউটি বেগমকে জিজ্ঞাসাবাদ চলছে। সাক্ষ্য গ্রহণসহ মামলার অন্যান্য কার্যক্রমও চলছে। অন্য দুই আসামি গণপিটুনিতে আহত শরিফ ও মিন্টু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে যেদিন ছাড়পত্র দেওয়া হবে, সেদিনই আদালতে তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
এদিকে সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত রাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে নগরে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল ১০টায় পিটিআই মোড়ে মানববন্ধন করে স্থানীয় জনগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল টুটপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে আদালত প্রাঙ্গণে অবস্থান নেয় এলাকাবাসী। পরে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সে সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা খুলনার রাকিব, সিলেটের রাজনসহ সব শিশু হত্যার দ্রুত বিচার দাবি করেন।
দুপুরে রাকিব হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের শিশু সুরক্ষা ফোরাম সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সামাজিক অবক্ষয়, শিশুদের অধিকার ও শিশুশ্রম আইন সম্পর্কে অজ্ঞতার কারণেই শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে বলে অভিমত প্রকাশ করা হয়। দ্রুত রাকিব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। দুপুরে প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন অধিকার এক সভার আয়োজন করে। সভায় রাকিব ও রাজন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রয়াল মোড়ে মানববন্ধন করেন। তাঁরা রাকিব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা কামনা করেন। বলেন, কোনোভাবেই এই হত্যা মেনে নেওয়া যায় না। কর্মসূচি চলাকালে ওই মোড় থেকে সাতরাস্তা মোড় পর্যন্ত সড়কের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই সময়ে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খুলনা মহানগর শাখা। মহানগর শাখা সভাপতি গৌর বর্মণের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। দেশে আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনা ঘটত না। ধারাবাহিক শিশু হত্যাকাণ্ড রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।
গত সোমবার বিকেলে খুলনার টুটপাড়ায় শরিফ মোটরস নামের এক মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতন করে রাকিবকে মেরে ফেলা হয়। মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল ঢুকিয়ে তার মলদ্বার দিয়ে বাতাস ঢোকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে সে মারা যায়। নিষ্ঠুর নির্যাতনে তার শরীর ফুলে প্রায় বড়দের মতো হয়ে যায়। ছিঁড়ে যায় নাড়িভুঁড়ি। ফেটে যায় ফুসফুসও।