আসামি মুক্ত, মামলা স্থগিত আতঙ্কে অ্যাসিডদগ্ধ শারমিন
ইডেন কলেজের শিক্ষার্থী শারমিন আক্তারের (আঁখি) ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত হয়ে আছে। ওই মামলার আসামি মনির উদ্দিনও জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। ফলে আতঙ্কে রয়েছেন শারমিন ও তাঁর পরিবার।
গত বছরের ১৫ জানুয়ারি ওই অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার দিন শারমিন কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে কাকরাইল মসজিদ মোড় এলাকা থেকে মনির উদ্দিন তাঁকে জোর করে উঠিয়ে নিয়ে ৭৮/৩ নাজিমউদ্দিন রোডের দ্বিতীয় তলায় কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করতে চান। এতে রাজি না হওয়ায় মনির তাঁর মাথায় অ্যাসিড ঢেলে দিলে মাথা, মুখ, ডান বাহু, পিঠ, ডান পা ও বাঁ দিকের অংশ দগ্ধ হয়। এর মধ্যেই শারমিনের ডান হাতের কবজি ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান মনির। আশপাশের লোকজন এসে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় শারমিনের চিকিৎসার ব্যয়ভার বহন করে। গত বছরের ১০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-২ থেকে পাঠানো এক চিঠিতে মামলাটির পর্যবেক্ষণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য ঢাকা জেলা প্রশাসক ও জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের জেলা কমিটির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়।
মামলার প্রধান আসামি মনির উদ্দিনকে গত বছরের ২৪ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। ২০০২ সালের অ্যাসিড অপরাধ দমন আইনের ৫(ক)/৭ ধারায় গত বছরের ১৪ মার্চ অভিযোগপত্র দেওয়া হয়। এরপর মনির উদ্দিনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১০ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। ২৩ জুন হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ আসামি মনির উদ্দিনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মামলার বাদী শারমিনের ভাই মহিউদ্দিন আহমেদ ১৩ আগস্ট বংশাল থানায় আসামি জামিনে থাকায় পরিবারের আতঙ্কের কথা জানিয়ে সাধারণ ডায়েরি করেছেন।
চাঞ্চল্যকর ওই মামলার কার্যক্রম স্থগিত এবং আসামির মুক্তিতে নারী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। মামলা পরিচালনাকারী দুটি সংগঠনের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা আপিল বিভাগে যাবেন।
শারমিন প্রথম আলোকে বলেন, ‘আমার শরীরের ঘা শুকাতে পারল না, আর আসামি জামিনে মুক্তি পেয়ে গেল। এখন বাইরে বের হলেই ভয় লাগে, মনে হয় আর ঘরে ফিরতে পারব না। আশপাশের লোকজনও বলে, আসামি যদি আমাকে পায় টুকরা টুকরা করে ফেলবে।’
অ্যাসিডদগ্ধ হওয়ার পর শারমিনের অর্ধেক মাথার মাংস গলে যায়, চুল পড়ে যায়। নতুন চামড়া লাগানো হলেও সে জায়গায় আর কখনোই নতুন চুল গজাবে না। ডান চোখে ভালো দেখতে পান না। এক কানের জায়গায় শুধু একটু মাংস লেগে রয়েছে। এক দিকের ভ্রু নেই। ডান হাত দিয়ে ভালো করে লিখতে পারেন না। ডান পায়ে শক্তিও পান না।
অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অ্যাসিড নিক্ষেপ একটি ভয়াবহ সন্ত্রাস। এ ধরনের ঘটনায় আসামি জামিনে ছাড়া পেলে ভিকটিমের পরিবার আরও হুমকির মুখে পড়ে। বিষয়টি আমাদেরও উদ্বিগ্ন করে।’