আসামি রফিকুলকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক নারীসহ দুজনকে খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহত আসমা আক্তারের বড় ভাই জোবায়ের হোসেন গতকাল বুধবার দুপুরে নগরের কোতোয়ালি থানায় এ মামলা করেন। মামলায় আসমার স্বামী রফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। জোড়া খুনের পর থেকেই পলাতক রয়েছেন রফিকুল।
মামলার এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজারের এয়াকুবনগর এলাকার বস্তিতে স্ত্রী আসমা আক্তারকে হত্যা করেন স্বামী রফিকুল ইসলাম। পরে বাসার পাশে একটি চা-দোকানের সামনে খালু মাকসুদুরকে ছুরিকাঘাত করে খুন করেন রফিকুল।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, মালয়েশিয়াপ্রবাসী রফিকুল ইসলাম দুই বছর আগে তাঁর স্ত্রী আসমাকে নিজের খালার বাসায় রেখে যান। দুই মাস আগে দেশে ফিরে এসে তিনি জানতে পারেন স্ত্রীর সঙ্গে তাঁর খালুর সম্পর্ক রয়েছে। এর জের ধরে দুজনকে হত্যা করেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
নিহত মাকসুদুর রহমানের স্ত্রী রিনা আক্তার গতকাল দুপুরে কোতোয়ালি থানা কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘আসমা ও আমার স্বামীকে বাসায় রেখে ছয় মাস আগে গ্রামের বাড়িতে গিয়ে দুই মাস ছিলাম। সেখান থেকে ফিরে এসে শুনতে পাই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। বিষয়টি ওই সময়ই মীমাংসা হয়ে যায়। সম্প্রতি রফিকুল দেশে ফিরে এসে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি শুরু করে। তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্ত্রী ও খালুকে খুন করে পালিয়ে যায় রফিকুল।’
নিহত আসমার বড় ভাই জোবায়ের হোসেন দাবি করেন, আসমা ও মাকসুদুরের মধ্যে সম্পর্ক রয়েছে এই সন্দেহে দুজনকে খুন করা হয়।
গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত মাকসুদুরের লাশ লক্ষ্মীপুরে তাঁর গ্রামের বাড়িতে এবং আসমার লাশ নগরের চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন।