আসামিদের শনাক্ত করা যায়নি। তাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির অজ্ঞাতনামা সদস্যদের বিরুদ্ধে চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আজ বুধবার নারাজি আবেদন করবে রাষ্ট্রপক্ষ।
১১ মাস তদন্ত শেষে গত সেপ্টেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা মামলাটির অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করবেন। তিনি বলেন, জেএমবির হামলার ঘটনায় করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলে জঙ্গিরা উৎসাহিত হতে পারে।
পুলিশ সূত্রমতে, ২০১৫ সালের ৬ অক্টোবর সন্ধ্যায় নগরের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ জেএমবির চট্টগ্রামের প্রধান তৌফিকুল ইসলাম ওরফে জাবেদসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেদিন দিবাগত রাতে তৌফিকুলকে নিয়ে নগরের বায়েজীদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে অস্ত্র উদ্ধার অভিযানে যান ডিবির সদস্যরা। সেখানে পৌঁছালে তৌফিকুলের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের দুই সদস্য আহত হন। গ্রেনেড বিস্ফোরণে মারা যান তৌফিকুল। আর তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি গ্রেনেডসদৃশ হাতবোমা ও দুটি বিস্ফোরিত গ্রেনেডের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ খান জেএমবির অজ্ঞাতনামা সদস্যদের আসামি করে বায়েজীদ বোস্তামী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই ফিরোজ আলম গত বছরের ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ফয়সাল মাহমুদ, শওকত রাসেল ও নাইমুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর দুদিন আগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বহিষ্কার করে। আদালত ওই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তাঁরা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।
আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘পুলিশের কাজে বাধাসহ প্রাণনাশের উদ্দেশ্যে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদস্যদের আহত ও হেফাজতে থাকা আসামি তৌফিকের মৃত্যুর অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হলেও ঘটনায় জড়িত অজ্ঞাতনামা জেএমবি সদস্যদের সঠিক নাম-ঠিকানা খুঁজে না পাওয়ায় তাদের শনাক্ত করা যায়নি।’ এ ছাড়া চূড়ান্ত প্রতিবেদনে ফয়সাল মাহমুদ, শওকত রাসেল ও নাইমুর রহমানকে অব্যাহতির সুপারিশ করা হয়।
এসআই ফিরোজ আলম বলেন, তদন্তে জেএমবির সদস্যদের শনাক্ত করতে না পারায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। গ্রেপ্তার তিন আসামিরও সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তিনি।