আসামি শাফাতকে বাসায় পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি শাফাত আহমেদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাফাতের গুলশানের বাসায় তল্লাশি চালানো হয়।

গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ জানান, শাফাতকে বাসায় পাওয়া যায়নি। ঢাকা ও সিলেটে তাঁর আত্মীয়স্বজনের বাসাতেও তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত আসামিরা ধরা পড়বে বলে তিনি জানান।

পুলিশ ধর্ষণ মামলার পাঁচ আসামির একজনকেও গ্রেপ্তার করেনি। শাফাত ছাড়াও অন্য আসামিরা হলেন নাঈম আশরাফ, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী (অজ্ঞাতনামা)।

শাফাতের বাবা দিলদার আহমেদ অলংকার শিল্পপ্রতিষ্ঠান আপন জুয়েলার্সের অন্যতম মালিক। শাফাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক পাস করে সম্প্রতি পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন।

ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী গত ২৮ মার্চ রেইন ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বলে ৬ মে তাঁদের একজন বাদী হয়ে বনানী থানায় মামলা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনা ঘটে যাওয়ার এক মাসের বেশি সময় পর তাঁরা মামলা করেছেন অনেকটা বাধ্য হয়ে। বিশ্ববিদ্যালয়ে তাঁদের পরিচিত বন্ধুবান্ধব তাঁদের বলেছিলেন, ২৮ মার্চ রেইনট্রিতে একটি ঘটনা ঘটেছে বলে তাঁরা শুনতে পাচ্ছেন। তারপর তাঁরা মামলা করার সিদ্ধান্ত নেন।

মামলার বাদী বলেন, ওই রাতে শাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তাঁদের দুই বন্ধুকে শাফাত আহমেদ ও নাঈম আশরাফ ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য ধারণ করেন শাফাতের গাড়িচালক। তাঁরা আশঙ্কা করছেন, ওই ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া হয়েছে। লোকলজ্জার ভয়ে প্রথমে মুখ না খুললেও আরও বেশি হয়রানির ভয়ে তাঁরা থানায় যান।

আরও পড়ুন...