রাজধানীর খিলগাঁওয়ে নারী কনস্টেবলকে ধর্ষণের মামলায় তাঁর সাবেক স্বামী পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে কক্সবাজারের সদর থানার কলাতলী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পরই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম ওই এএসআইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কক্সবাজারের কলাতলী থেকে ওই এএসআইকে গ্রেপ্তার করে। তাঁকে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় পৌঁছানোর পর তাঁকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে।
ওই এএসআই একসময় রাজধানীর খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে সেখান থেকে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) বদলি করা হয়। পরে তা পরিবর্তন করে তাঁকে শিল্প পুলিশে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি।
গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির (ডিবি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, মামলা হওয়ার পরই ওই এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রাজধানীর একটি থানায় কর্মরত ওই নারী কনস্টেবল গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সেখানে যান তাঁর সাবেক স্বামী ওই এএসআই। ছেলেকে দেখানোর কথা বলে তাঁকে ফুসলিয়ে খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসায় নিয়ে যান তিনি। তবে ওই বাসায় তাঁদের সন্তান ছিল না, ছিল চারজন অপরিচিত লোক। পরে তিনি সাবেক স্ত্রীকে নেশাজাতীয় দ্রব্য মেশানো পানি পান করান এবং একপর্যায়ে ধর্ষণ করেন। পরে তিনি কৌশলে ওই বাসা থেকে বেরিয়ে সাবেক স্ত্রীর পরিবারকে খবর দেন। এ ঘটনায় ১৩ জুন খিলগাঁও থানায় ওই এএসআই ও অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা করেন নারী কনস্টেবলের বড় বোন। ঢাকা মেডিকেলে ওই নারীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রতিবেদন খিলগাঁও থানায় পাঠানো হয়।
পারিবারিক সূত্র অভিযোগ করে, ওই নারী কনস্টেবলের সঙ্গে এএসআইয়ের বিয়ে হয় ২০১১ সালে। বিয়ের পর থেকে তিনি যৌতুকের জন্য নারী কনস্টেবলের ওপর অত্যাচার, নির্যাতন করতেন। এর জের ধরে ২০১৪ সালের দিকে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। কিছুদিন না যেতেই এএসআই তাঁদের আড়াই বছরের ছেলেকে নিজের কাছে নিয়ে যান।