আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে মারধরের মামলার আসামিকে গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার সব ইউপি সচিব অংশ নেন। এতে সমিতির জেলা শাখার আহ্বায়ক মোজাম্মেল হক সভাপতিত্ব করেন।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ৯ এপ্রিল চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের চাচাতো ভাই মিস্টার আলী ইউপি কার্যালয়ে যান। তিনি সচিব আনোয়ার হোসেনের কক্ষে গিয়ে ছেলের জন্মসনদ চান। আনোয়ার হোসেন এ জন্য ছেলের পরীক্ষায় পাসের সনদ দেখতে চান। মিস্টার আলী তা দেখাতে অস্বীকার করেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে আনোয়ারকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেন মিস্টার আলী। পরে আনোয়ারকে মারধর করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় পরদিন আনোয়ার হোসেন থানায় মামলা করেন।
এ বিষয়ে মিস্টার আলী বলেন, তিনি ওই সচিবকে মারধর করেননি। তবে সেখানে ধাক্কাধাক্কি হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাল্যবিবাহ দেওয়ার জন্য ওই সন্ত্রাসী চর আমখাওয়া ইউপির সচিব আনোয়ার হোসেনের কাছে জন্মসনদ চেয়েছিলেন। এ সময় সচিব পরীক্ষার পাসের সনদ দেখাতে বলেন। এ কারণে সচিবকে ব্যাপক মারধর করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পরও পুলিশ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাসিনুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি জামিনে আছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা কমিটির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আনছার আলী প্রমুখ।