আসামিকে ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া থানার পুলিশ চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত আসামি ছাত্রলীগের সাবেক নেতা মো. ফোরকানকে (৩০) গ্রেপ্তারের আধা ঘণ্টা পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফোরকান পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের ছোট ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়া চৌমুহনী স্টেশনের একটি দোকানে গত সোমবার রাত ১০টার দিকে ফোরকান তাঁর দুই বন্ধুকে নিয়ে নাশতা করছিলেন। ওই সময় পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন ও মো. আনোয়ার উল্লাহ ফোরকানকে গ্রেপ্তার করেন। ওই সময় ফোরকানের দুই বন্ধু বাধা দিলে ফোরকানের সঙ্গে তাঁদেরও থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নেওয়ার আধা ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, জয়নাল আবেদিন নামের কুতুবদিয়ার এক গাড়িচালক ২০০৭ সালের ২৮ মার্চ পেকুয়া সদর ইউনিয়নের আবদুল কাইয়ুম, মো. ফোরকান, আজিম ও একরাম মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পেকুয়া থানায় একটি মামলা করেন। সম্প্রতি ফোরকানের বিরুদ্ধে আদালত ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
স্থানীয় লোকজন জানিয়েছে, শত শত লোকজনের সামনে থেকে ফোরকানকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ায় সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ কয়েক দিন আগেও পুলিশ ফোরকানকে গ্রেপ্তারের জন্য হন্যে হয়ে খুঁজেছে। পরোয়ানা থাকার পরও কেন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
তবে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, ভুল তথ্যের ভিত্তিতে ফোরকানকে ধরে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে ওয়ারেন্ট পর্যালোচনা করে দেখা গেছে, ফোরকানের বিরুদ্ধে নয়, জনৈক পুতুইন্যার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তিনি দাবি করেন, ‘আদালত যে চাঁদাবাজি মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে আপনারা (সাংবাদিকেরা) বলছেন, ওই মামলার কোনো ওয়ারেন্ট কপি আমাদের হাতে নেই।’