আসামিকে ধরে পুলিশে দিলেন নিহতের স্বজনেরা
চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবহন শ্রমিক সাজেদুল হক হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম ধরা পড়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাজেদুলের স্বজনেরা।
শাহ আলম কাভার্ডভ্যানের চালক। সাজেদুল ছিলেন তাঁর সহকারী। গত ১১ এপ্রিল রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেতুইতলা এলাকায় একটি ডিপোর ভেতরে রডের আঘাতে সাজেদুল নিহত হয়। পরের দিন নিহতের বাবা মুকবুল আহমেদ বাদী হয়ে শাহ আলমসহ চারজনকে আসামি করে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।
সাজেদুলের মামা কামাল পাশা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে পারছিল না। এরপর তিনি বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর এলাকায় একটি বেসরকারি কনটেইনার ডিপোতে গাড়ি নিয়ে ঢোকার সময় তিনিসহ চারজনে মিলে শাহ আলমকে ধরে ফেলেন। পরে চট্টগ্রাম নগরের নিউ মুনছুরাবাদ এলাকায় আটকে রেখে মামলার তদন্ত কর্মকর্তাকে খবর দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, শাহ আলমকে ধরার জন্য তাঁরা বেশ কয়েকবার অভিযান চালিয়েছেন। কিন্তু জায়গা বদল করতে থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।