আসামিকে মোটা অঙ্কের টাকায় ছেড়ে দিলেন ওসি
কক্সবাজারের টেকনাফে মানব পাচার মামলার এজাহার ও অভিযোগপত্রের আসামিকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ওই আসামি স্থানীয় সাংসদের ভাই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মুজিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার মৃত আবদুস সালামের ছেলে জাফর আলম চলতি বছরের শুরুতে ট্রলারে করে পাঁচজন লোককে মালয়েশিয়ায় পাঠালে থাইল্যান্ডের দালালেরা তাঁদের জিম্মি করে রাখে।
পরে দালাল চক্রের সদস্য শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা দলিলুর রহমানের ছেলে আবদুল আমিনের সঙ্গে সাড়ে আট লাখ টাকার চুক্তিতে আটকে রাখা পাঁচ ব্যক্তিকে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা হলে দলিলুর রহমান টাকাগুলো বুঝে নেন।
কিন্তু ঘটনার আট মাস পেরিয়ে গেলেও আটকে রাখা লোকদের মুক্ত করতে না পারায় গতকাল রোববার দুপুরে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফে আসার পথে নূর আহমদ চেয়ারমানের টেক এলাকায় অটোরিকশা থামিয়ে দলিলুর রহমানকে জোরপূর্বক অপহরণ করে জাফর আলমের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়।
ওই রাতে এ ব্যাপারে দলিলুর রহমানের স্ত্রী তাঁর স্বামীকে অপহরণ করেছে বলে থানায় অভিযোগ দিলে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আসিকুর রহমানের নের্তৃত্বে একটি দল জাফর আলমের বাড়িতে অভিযানে যায়। সেখানে দলিলুর রহমানকে না পেয়ে জাফর আলমের স্ত্রী ও ছোট ভাই প্রবাসী শফি আলমের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য রাতে সাবরাং ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুছ থানায় এসে ওসির সঙ্গে কথা বললে ওসি তাঁকে বলেন, দলিলুর রহমানকে থানায় হাজির করেন। সকালে মীমাংসা হবে। এ কথায় মো. ইউনুছ রাতে দলিলুর রহমানকে থানার পুলিশের কাছে হাজির করেন।
উপপরিদর্শক আশিকুর রহমান বলেন, ‘রাতে অভিযান চালিয়ে জাফরের স্ত্রীসহ দুই নারীকে থানা নিয়ে আসি। পরদিন গতকাল দুপুরে থানায় এসে দেখি নারীরা নেই। শুনেছি, ওসি স্যারের মাধ্যমে মীমাংসা হয়েছে।’
সাবরাং ইউপির সদস্য মো. ইউনুছ বলেন, ‘৬০ হাজার টাকা দিয়ে নারীদের আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সাংসদের ভাই মৌলভী মুজিবুর রহমান ও আমার স্বাক্ষর নিয়ে দলিলুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেনকে টাকা নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, টাকা নেওয়ার অভিযোগ থাকলে প্রমাণ করেন। তিনি আরও বলেন, ‘সাংবাদিকেরা শুধু পেঁচান।’