আসামিকে হত্যার ঘটনা চার লাখ টাকায় আপস!
দিনমজুরকে নির্যাতন করে হত্যার ঘটনা ধামাচাপা দিতে নিহত ব্যক্তির স্বজনকে পুলিশ চার লাখ টাকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বগুড়ার গাবতলী মডেল থানায় গত বুধবার ওই টাকা হস্তান্তর হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে এই প্রতিবেদক দড়িপাড়া গ্রামে নিহত মোখলেছ প্রামাণিকের বাড়িতে গেলে প্রতিবেশীরাও ছুটে আসেন। সবার সামনে কথা হয় মোখলেছ প্রামাণিকের একমাত্র ছেলে হারুনুর রশীদের সঙ্গে।
হারুনুর রশীদ বলেন, ‘আমাদের মতো গরিব মানুষের পক্ষে পুলিশের বিরুদ্ধে পেরে ওঠা সম্ভব নয়। এ কারণে চার লাখ টাকায় আপস করেছি। বুধবার গাবতলী থানায় বসেই চার লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই—সেটা তারা লিখেও নিয়েছে। পরে পুলিশের গাড়িতেই টাকাগুলো বগুড়া শহরে বেসিক ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। ব্যাংকে আমার মায়ের নামে তা ফিক্সড ডিপোজিট করেছি। এখন পুলিশকে যাঁরা ডেকে এনেছিলেন, তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তাভাবনা করছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী মরিয়া গ্রামের আবদুল মোমিন গতকাল বলেন, ‘পুলিশ আমার কাছে সাদা কাগজে সই নিতে এসেছিল, কিন্তু দিইনি। পরে দড়িপাড়া গ্রামে নিয়ে গিয়ে ওই পরিবারের অন্যদের সঙ্গে আমারও একটি কাগজে সই নেয় পুলিশ।’
সাময়িক বরখাস্ত হওয়া এএসআই আবদুস সবুর দাবি করেন, টাকাপয়সা দিয়ে তিনি কারও সঙ্গে কোনো ধরনের আপস করেননি।
থানায় টাকা হস্তান্তর হওয়ারঅভিযোগ অস্বীকার করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘টাকা ব্যাংকে জমা দিতে থানা-পুলিশের কোনো গাড়ি শহরে পাঠানো হয়নি। কেউ ব্যক্তিগতভাবে কাউকে কোথাও নিয়ে গেছে কি না, সেটা আমার জানা নেই।’
ওসি আরও দাবি করেন, মামলা না করতে পুলিশ কাউকে কোনো চাপ দেয়নি। উল্টো মামলা দায়েরের জন্যই পরিবারের সদস্যদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে। কেউ মামলা দেয়নি। তা ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন ইতিমধ্যে পুলিশের হাতে এসে পৌঁছেছে। সেখানে স্পষ্ট উল্লেখ আছে, ‘হার্ট ফেল’ করে মোখলেছ প্রামাণিকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোখলেছ প্রামাণিকের সঙ্গে বাঁশ কাটা নিয়ে ছোট ভাই মজনু মিয়ার বিরোধ বাঁধে। এ ঘটনায় মোখলেছ প্রামাণিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন মজনু মিয়া। ১৪ অক্টোবর অভিযোগ তদন্তে যান গাবতলী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সবুর ও পুলিশ সদস্য (কনস্টেবল) আবদুর রহমান। সে সময় মোখলেছকে তাঁর বাড়িতে না পেয়ে তাৎক্ষণিক তাঁরা মহিষাবান ইউনিয়নের মরিয়া গ্রামে মোখলেছকে ধরতে যান।
মরিয়া গ্রামের লোকজনের অভিযোগ, মোখলেছকে পুলিশ ধরে গ্রামবাসীর সামনেই মাটিতে ফেলে লাথি মারতে থাকে। একপর্যায়ে মোখলেছ মারা যান। পুলিশ প্রথমে লাশ নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের একটি বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও গাবতলী থানার ওসি রিয়াজ উদ্দিন অতিরিক্ত পুলিশ নিয়ে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান। রাতে পুলিশ সুপারের নির্দেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, টাকার বিনিময়ে অভিযুক্ত কোনো পুলিশ স্বজনদের হাত করার (ম্যানেজ) চেষ্টা করছেন—এমনটা তদন্ত কমিটির জানা নেই।