আসামিদের অব্যাহত হুমকি নিরাপত্তাহীনতায় বাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি গ্রেপ্তার হয়নি। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী আছমা বেগম ও তাঁর পরিবার।
আসামিদের হুমকির ঘটনায় আছমা বেগম থানায় সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাননি। এখনো নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যমকাদমা গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জ উপজেলার গাগলার পার উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী-কাম সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ২০১৩ সালের ১০ জানুয়ারি খুন হন। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী আছমা বেগম ১১ জানুয়ারি সাখাওয়াতসহ সাতজনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম ২০১৪ সালের ২৮ মার্চ লালমনিরহাটের প্রধান বিচারিক হাকিমের আদালতে নয়জনের নামে একটি অভিযোগপত্র দেন। এতে মামলার এজাহারভুক্ত পাঁচজনসহ আরও চারজনের নাম ছিল। অপরদিকে এজাহারভুক্ত দুই আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আছমা বেগম জানান, মামলার ১ নম্বর আসামি সাখাওয়াত ছাড়া আর সবাই জেলের বাইরে আছেন। জেলের বাইরে থাকা আসামিরা তাঁকে বিভিন্ন সময়ে মুঠোফোনে এমনকি বাড়িতে এসে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। অন্যথায় তাঁকেসহ পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে তিনি কলেজ ও স্কুলপড়ুয়া তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলেকে নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।