নরসিংদী সদর উপজেলায় শিশু স্বপন হত্যায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা টাকা নিয়ে মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। সদর উপজেলা মোড়ে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন।
পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন স্বপনের মা শুক্কুরী বেগম। তিনি বলেন, তাঁদের বাড়ি সদর উপজেলার বকশালীপুর গ্রামে। গত বছরের ১০ সেপ্টেম্বর বাড়ির কাছ থেকে স্বপনের লাশ পাওয়া যায়। এর আগের দিন স্বপন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার আগে স্বপনের বিরুদ্ধে টাকা চুরির অপবাদ দেন একই এলাকার এনামুল হাসান ওরফে হাসেম ডাক্তার। ওই ঘটনার সূত্র ধরে এনামুল হাসান তাঁর সহযোগীদের নিয়ে স্বপনকে নির্যাতন করেন। এ ঘটনায় এনামুল ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে তিনি সদর থানায় হত্যা মামলা করেন।
শুক্কুরী বেগম অভিযোগ করেন, মামলা তদন্তের দায়িত্ব পান সদর মডেল থানার এসআই মোতাব্বির হোসেন। এ ঘটনায় এনামুল হাসান ও তাঁর ভাই সানাউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। কিন্তু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা কিংবা আসামিদের রিমান্ড আবেদন করা হয়নি। ওই পুলিশ কর্মকর্তা আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছেন। সুষ্ঠু বিচারের জন্য তদন্ত কর্মকর্তা পরিবর্তন প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপনের বাবা ইসমাইল হোসেন ও দাদি শাহারা বেগম।
এসব অভিযোগ অস্বীকার করে এসআই মোতাব্বির হোসেন বলেন, আসামিপক্ষের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, তা পর্যাপ্ত নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলাটির তদন্তভার পুলিশের বিশেষ শাখা পিবিআইয়ে স্থানান্তরের কথা ভাবছে।