আসামিদের গ্রেপ্তার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জে কলেজছাত্রী তন্বী রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে উপজেলা শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তন্বী হত্যার বিচার দাবিতে গড়ে ওঠা নবীগঞ্জ নাগরিক ঐক্য মঞ্চ ওই কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তৃতা করেন।

গত ১৭ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর বরাক নদে বস্তাবন্দী অবস্থায় তন্বীর লাশ পাওয়া যায়।

গতকালের সমাবেশে বক্তারা বলেন, হত্যার প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাত দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে আগামী বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করা হবে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

সমাবেশে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে বিচার শেষ করার দাবি জানানো হয়। একই দাবিতে ২০ অক্টোবর মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তন্বীর বাবা বিমল রায়। তিনি বলেন, ‘আর কোনো তন্বী যেন হত্যার শিকার না হয়।’ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান দ্রুত আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।