আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষাভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারমা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিকেলে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ মারমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এক সপ্তাহের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে মানববন্ধনে জানানো হয়।
গতকাল বেলা তিনটায় জেলা শহরের উজানীপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ মারমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলকারীরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চের প্রাঙ্গণে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি লুসাইমং মারমা, সাধারণ সম্পাদক উসিংনু মারমা। তাঁরা বলেন, গত তিন দিনে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে কেবল একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের মধ্যে মামলার বাকি তিন আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। তা না হলে তিন পার্বত্য জেলায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে মারমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
জেলা শহরে রাজপুণ্যাহ মেলায় ঘুরতে এসে গত শুক্রবার রাতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গত শনিবার রাতে সদর থানায় মামলা হয়। এদিকে মারমা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার কাজল বড়ুয়া ওরফে মুণ্ডী কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।