আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ছাত্রলীগের দুই নেতা-কর্মীসহ তিনজন নিহত হওয়ার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহর, মাইজদী বাজার ও নোয়াখালী গেট এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ক্ষুব্ধ লোকজনকে শান্ত করতে নোয়াখালী গেট এলাকায় যান জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। তাঁরা তিন খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

গত ২১ মার্চ রাতে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস (একাদশ-দ্বাদশ শ্রেণি) সংলগ্ন সুধারাম থানার সীমান্তবর্তী বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে ছাত্রলীগের এক পক্ষের গুলিতে কলেজছাত্র ফজলে হুদা ওরফে রাজিব ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ওরফে ওয়াসিম ও কর্মী জামসেদুল হক ওরফে ইয়াছিন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা মারা যান।

নিহত ফজলে হুদার মা কামরুন্নাহার বাদী হয়ে ২২ মার্চ রাতে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ছাত্রলীগের কর্মী ওমর ফারুক ওরফে সাজু, তাঁর ভাই মো. সুলতান ও তাঁদের বাবা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদরত উল্লাহসহ আটজনকে আসামি
করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি কুদরত উল্লাহর দুই মেয়ে রোকসানা বেগম ও ফারজানা আক্তার ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ছাড়াও ছাত্রলীগের কয়েক শ কর্মী-সমর্থক মাইজদী বাজার এলাকা থেকে ‘এলাকাবাসীর’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা মাইজদী বাজার ফিরে যাওয়ার পথে মডার্ন হাসপাতালের সামনে সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই সময় শহরের ‘নোয়াখালী গেট’ এলাকায় বিক্ষোভকারীদের আরেক অংশ গিয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তিন খুনের ঘটনায় করা মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে।