আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জারলিয়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া বড় বাজার এলাকায় ওই কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়নটির হাতিয়া, আকিলনগর, নাছনি, তেতইয়া ও সুরিয়ারপাড় গ্রামের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হত্যা মামলার বাদী একরার হোসেন এবং শাহরিয়ার শামীম, আরিফ উল্লাহ, দবির মিয়া, সোহরাব হোসেন, ইসমাইল আলী প্রমুখ। তাঁরা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এলাকার লোকজন বলেন, ১৭ জানুয়ারি হাতিয়া গ্রামের পাশের জারলিয়া জলমহালে সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান। আহত হন আরও ২২ জন। ওই জলমহালের দখল নিয়ে দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া এবং হাতিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত তিনজনই একরার হোসেনের সমর্থক।

থানা-পুলিশ সূত্র জানায়, ওই ঘটনার দুদিন পর দিরাই থানায় দুটি পাল্টাপাল্টি মামলা হয়। একরার হোসেনের করা হত্যা মামলায় মেয়র মোশারফ মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াসহ ৩৯ জনকে আসামি করা হয়। জলমহালে লুটপাটের অভিযোগে অপর মামলাটি করেন স্থানীয় নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাশ। এতে একরার হোসেনসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, গতকাল পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি। তাঁদের ধরতে অভিযান চলছে।