আসামিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল, হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কৃষক দুলাল মিয়াকে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল বুধবার মিছিল ও মানববন্ধন হয়েছে। এ কর্মসূচির পরপরই বাদীপক্ষকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

দুলাল মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার জটারকান্দা গ্রামে। তাঁকে হত্যার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল দুপর ১২টার দিকে জেলা শহরের পুরান থানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। এটি কালীবাড়ি এলাকার পরম চত্বরে গিয়ে শেষ হয়। পরে আখড়া বাজার সেতু থেকে কালীবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে নিহত দুলাল মিয়ার পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী ছাড়াও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দুলাল মিয়ার ছেলে বাবুল মিয়া, ছোট ভাই আবুল কালাম, ভাতিজা দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের নেতা মো. নূর খান ও তাকি হুমান খান।

বক্তারা বলেন, ঘটনার এক মাস পেরিয়ে গেছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কর্মসূচির পরদুলাল মিয়ার ছেলে বাবুল মিয়া বলেন, কর্মসূচি পালন করার কারণে বেলা একটার দিকে মামলারপ্রধান আসামি সোহরাব হোসেন মুঠোফোনে তাঁকে মেরে ফেলার হুমকি দেন।

শত্রুতার জের ধরে ২ ফেব্রুয়ারি সকালে দুলাল মিয়ার (৬০) ওপর করিমগঞ্জের চরদেহুন্দা এলাকায় সোহরাব হোসেন ও তাঁর চার ভাইসহ কয়েকজন হামলা চালান। হামলাকারীরা তাঁকে কুপিয়ে ও রড দিয়ে আঘাত করেন। লুটিয়ে পড়লে তাঁরা দুলাল মিয়ার দুই পায়ের রগ কেটে দেন ও মাথাসহ শরীরে এলোপাতাড়ি কোপান। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। ৭ ফেব্রুয়ারি রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে তিনি মারা যান।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী বলেন, আসামিদের ধরার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সম্ভাব্য সব জায়গা এমনকি হাওর এলাকায়ও অভিযান চালানো হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এসব বিষয়ে কথা বলার জন্য সোহরাব হোসেনের মুঠোফোনে গতকাল কয়েকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।