নড়াইলে মামুন মোল্লা হত্যার ঘটনায় হওয়া মামলার এজাহার থেকে আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। পরে নিহত মামুনের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি হিসেবে ১৫ জনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন মোল্লা (২২) উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের ইকবার মোল্লার ছেলে। ১৭ নভেম্বর বাড়ির ৫০০ গজ দূরে ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়। ২০ নভেম্বর ইকবার মোল্লা ১৫ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দেন।
ইকবার মোল্লা প্রথম আলোকে বলেন, ‘মামলা নিতে ওসি গড়িমসি করেছেন। এজাহারে (মামলা নম্বর ১৪) ইকবাল কাজীসহ ১৫ জনের নাম উল্লেখ করা হলেও প্রাথমিক তথ্য বিবরণীর (এফআইআর) ফরমে আসামিদের নাম উল্লেখ না করে অজ্ঞাত লেখা হয়েছে। এজাহারের ভেতরে পরিবর্তন করা হয়েছে। ১২ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।’
ইকবার মোল্লা আরও বলেন, ‘পুলিশের বিরুদ্ধে ২৩ নভেম্বর আদালতে জালিয়াতির অভিযোগ করেছিলাম। আদালত ওই ১৫ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন। ১৮ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’
এ সম্পর্কে ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এজাহারে আসামিদের সন্দেহভাজন বলে লেখা হয়েছে। তাই এফআইআরে আসামিদের নাম অজ্ঞাত উল্লেখ করেছি। যথাসময়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’ আসামিদের বাঁচানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘প্রকৃত তথ্য বের করার চেষ্টায় আছি। দু-একজনকে গ্রেপ্তার করতে পারলেই বিষয়টি পরিষ্কার হবে। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আছে।’
এদিকে মামুন হত্যাকাণ্ডে নোয়াগ্রাম ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলামের সমর্থকদের সঙ্গে ফয়জুল হকের সমর্থকদের দ্বন্দ্ব তীব্রতর হয়েছে। গত মে মাসে ইউপি নির্বাচনে প্রার্থী ছিলেন ফয়জুল হক। ২৬ নভেম্বর বিকেলে হত্যাকারীদের বিচারের দাবিতে ছত্রহাজারি বাজারে সমাবেশ হয়। ওই দিন সন্ধ্যায় ইকবাল কাজীর বাড়িসহ অন্তত ১১টি বাড়িতে হামলার ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, সবাই চায় মামুন হত্যার বিচার হোক। প্রকৃত তথ্য বের হওয়া দরকার। ইকবাল কাজী ও তাঁর অনুসারীরা ইউপি নির্বাচনে তাঁকে সমর্থন করেছিলেন। এ জন্য তাঁদের এসব ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ সম্পর্কে ফয়জুল হক বলেন, ‘তাঁদের বাড়িঘরে হামলা আমার লোকজন করেনি। তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে।’