ধর্ষণ ও হত্যা মামলার পাঁচ দিনের মাথায় আসামিদের পক্ষে মিছিল ও সমাবেশ করেছে তাদের পক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত মিছিল থেকে বেলালসহ অন্য আসামিদের নির্দোষ দাবি করা হয়। বটতলী রুস্তমহাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে বাজার ঘুরে আসামি বেলাল উদ্দিনের বাবার প্রতিষ্ঠিত ইমাম শপিং মার্কেটের সামনে সমাবেশ করা হয়। এতে স্থানীয় আবদুস ছবুর, আবুল কালাম ও ওসমানি গনী বক্তব্য দেন। সমাবেশে আসামিদের পরিবারের কাউকে বক্তব্য দিতে দেখা যায়নি।
গত রোববার নগরের পতেঙ্গা এলাকায় আনোয়ারার জুঁইদণ্ডী গ্রামের কহিনুর আকতার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার আগে তিনি এ জন্য বেলালসহ দুজনকে দায়ী করে একটি চিরকুট লেখেন। পরের দিন সোমবার নগরের পতেঙ্গা থানায় বেলাল উদ্দিন, মোহাম্মদ মোকতার ও ইকবালকে আসামি করে মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।