আসামিদের সঙ্গে সখ্য গড়ে চূড়ান্ত প্রতিবেদন?
বগুড়ার দুপচাঁচিয়া থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ হত্যার চার বছরেও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইড) কোনো সূত্র উদ্ঘাটন করতে পারেনি।
সিআইডির তদন্তকারী কর্মকর্তা গত সেপ্টেম্বর মাসে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। গত মাসে বিষয়টি মামলার বাদীকে নোটিশ দিয়ে জানানো হয়। এর আগে ডিবি পুলিশও চূড়ান্ত প্রতিবেদন দেয়।
মামলার বাদী নিহত আবদুল লতিফের স্ত্রী নাহিদা আকতার অভিযোগ করেন, আসামিদের সঙ্গে সখ্য গড়ে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
নাহিদা আকতার বলেন, ‘পুলিশ কোনো তথ্য উদ্ঘাটন করতে পারে না-এ কথা আমি বিশ্বাস করি না। মামলা নিয়ে আমি যখনই তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তখনই তাঁরা আমার কথাতে বিরক্ত হয়ে মামলাটি ছেড়ে দিতে চেয়েছেন। এ জন্যই মামলা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাইনি। তাই আমি আল্লাহর কাছেই বিচার চেয়েছি।’
আবদুল লতিফ ২০১০ সালের ১০ ডিসেম্বর রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে থানার কাছে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন। পরদিন তাঁর স্ত্রী নাহিদা আকতার বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। তবে রাজনৈতিক দ্বন্দ্ব ও পুকুর দখল নিয়ে বিরোধের ঘটনায় তিনি নিহত হন বলে উল্লেখ করা হয়।মামলা তদন্তের ব্যাপারে কোনো তৎপরতা না থাকায় বাদীপক্ষ থানা-পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তোলে। এক মাসের মাথায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলাটি থানা-পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করে। ডিবি পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে ডিবি পুলিশ ২০১২ সালের মার্চে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। এ অবস্থায় বাদী নারাজি আবেদন করেন। আদালত ওই বছরের জুলাই মাসে মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর ন্যস্ত করেন।
সিআইডি পুলিশ পুকুর দখল মামলার অন্যতম আসামি রাহাত খান (৩৬) ও রেজওয়ান খান (৩১), গোলাম রব্বানী (৪০), গোফ্ফার খান (৪৫) ও ওমর ফারুককে (৩৪) গ্রেপ্তার করে। কিন্তু সিআইডির তদন্তকারী কর্মকর্তাও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লতিফ হত্যার কোনো সূত্র উদ্ঘাটন করতে পারেননি। একপর্যায়ে গ্রেপ্তার ব্যক্তিরা সবাই উচ্চ আদালত থেকে জামিন পান।