আসামিদের হাজির না করায় অভিযোগ গঠন ফের পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে থাকা জেএমবির দুই নেতাকে আদালতে হাজির করতে না পারায় পুলিশের অস্ত্র লুট, অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ফের পেছাল। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মজিদের আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।

এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মাইনুল ইসলাম ওরফে রাঙ্গা ও শহিদুল ইসলাম ওরফে রানা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে অন্য কারাগারে থাকায় তাঁদের জয়পুরহাট আদালতে হাজির করা হয়নি। আদালত জয়পুরহাট জেলা কারাগারের মাধ্যমে আগামী ৯ মার্চ ধার্য তারিখে কারাগারে থাকা সব আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৪ আগস্ট গভীর রাতে ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের মন্তেজার রহমানের বাড়িতে জেএমবির সদস্যদের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। এ সময় জেএমবির সদস্যরা পুলিশের ওপর হামলা করে ৩টি শটগান, ৪৫টি গুলি ও ওয়াকিটকি লুট করে। হামলায় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল সফিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে মামলা করেন।

ঘটনার পর পুলিশ উত্তর মহেশপুরের মন্তেজারের বাড়ির আশপাশে অভিযান চালিয়ে রিভলবার, গুলি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হলে ওই সময় পুলিশ অস্ত্র এবং বিস্ফোরক আইনে কোনো মামলা দায়ের করেনি।

মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৩১ জানুয়ারি ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। ২০০৯ সালের ১২ জুলাই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার বিষয়ে মামলাটি পুনঃ তদন্তের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত পুনঃ তদন্তের আদেশ দিলে সিআইডি ২০১০ সালের ২৫ মে আগের ওই মামলার অভিযোগপত্রে থাকা ৬০ জন আসামির বিরুদ্ধেই পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে। মামলা তদন্তাধীন অবস্থায় ২০০৪ সালের বিভিন্ন সময়ে আদালত থেকে জামিনে গিয়ে জেএমবির ১৪ নেতা পলাতক রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান আদালত চত্বরে জানান, ছয় বছর আগে মামলার অভিযোগপত্র দাখিল করা হলেও এখনো আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে কোনো শুনানি হয়নি। অভিযোগ গঠন না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করাও সম্ভব হচ্ছে না। এই মামলার অনেক আসামির বিরুদ্ধে বিভিন্ন জেলায় আরও মামলা থাকায় জয়পুরহাট আদালতে মামলার ধার্য তারিখে হাজতি আসামিকে রাষ্ট্রপক্ষ হাজির করতে ব্যর্থ হওয়ায় অভিযোগ গঠন সম্ভব হচ্ছে না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল করেন, পুনঃ তদন্ত ও বেশ কিছু সময় বিচারকের পদ শূন্য থাকায় কিছুটা বিলম্ব হয়েছে। তা ছাড়া নয়জন শীর্ষ জঙ্গিনেতার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা থাকায় জয়পুরহাট আদালতের ধার্য তারিখে তাঁদের নিয়ে আসা অনেক সময় সম্ভব হয় না।