আসামিদের হুমকিতে বাদীপক্ষ বাড়িছাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলা তুলে নিতে আসামিদের বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর হুমকিতে বাদীপক্ষের পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ অভিযোগ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণস্বারা গ্রামের খুন হওয়া মনিরুজ্জামান ওরফে মিন্টু বিশ্বাসের পরিবারের।
এর আগে আসামিরা বাদীপক্ষের সাতটি দোকান এক মাস ধরে বন্ধ করে রেখেছে। এ সময় একজনকে পিটিয়ে আহত করা হয়। এ অবস্থায় ওই মামলার বাদী আক্কাচ আলী ১৫ ডিসেম্বর যশোর ও ঝিনাইদহের পুলিশ সুপারের (এসপি) কাছে জীবনের নিরাপত্তা ও দোকান খোলার ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন করেছেন। এর একটি অনুলিপি প্রথম আলোর কাছে রয়েছে। এতে আসামিদের গ্রেপ্তারের দাবিও করা হয়েছে। আসামিদের দেওয়া সময়সীমা ১৬ ডিসেম্বর শেষ হয়েছে।
তবে ঝিনাইদহের এসপি মিজানুর রহমান গতকাল শুক্রবার মুঠোফোনে বলেন, তিনি এ ধরনের আবেদন পাননি। যশোরের এসপির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
নিহত মনিরুজ্জামানের ছোট ভাই টিপু বিশ্বাস গতকাল বলেন, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর মনিরুজ্জামান খুন হন। ঘটনার দিন তাঁর বড় ভাই আক্কাচ আলী কালীগঞ্জ থানায় আসেন। সেখানে পুলিশ একটি কাগজে তাঁর সই নেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। এতে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। এতে অসন্তুষ্ট হয়ে তিনি ঝিনাইদহ আদালতে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত সেটি এজাহার হিসেবে নেওয়ার জন্য থানাকে নির্দেশ দেন।
থানা-পুলিশ সূত্র জানায়, গত ৬ জানুয়ারি কালীগঞ্জ থানার পুলিশ যশোরের আন্দোলপোতা বাজার থেকে আকবার আলী বিশ্বাস নামের একজনকে ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আটক করে। তিনি আদালতে মনিরুজ্জামানকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আরও যাঁরা জড়িত ছিলেন, তাঁদের নাম প্রকাশ করেন। পুলিশ তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাঁদের মধ্যে ইমরান হোসেন ও আয়ুব আলী গাজী নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। ইবাদ আলী নামের মামলার এক আসামি বোমা তৈরির সময় বিস্ফোরণে মারা যান। বাকি ১৫ জন পলাতক রয়েছেন।
টিপু বিশ্বাস বলেন, মামলার পর থেকেই আসামিদের হুমকির কারণে তিনি ও তাঁর ভাই আক্কাচ আলী পালিয়ে বেড়াচ্ছেন। অন্য পুরুষ সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। গত ৩০ নভেম্বর আসামিরা আন্দোলপোতা বাজারে তাঁদের সাতটি দোকান বন্ধ করে দেয়। এ সময় দোকান বন্ধ করতে না চাইলে তাঁর চাচাতো ভাই মুছা বিশ্বাসকে আসামিরা পিটিয়ে আহত করে। এদিন বাজারে আসামিরা ১৬ ডিসেম্বরের মধ্যে মামলা তুলে না নিলে কাউকে ছাড়া হবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয়। বর্তমানে তাঁদের পরিবারের ১২ জন সদস্য বাড়িছাড়া।
এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও আসামিদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে যশোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, কোথাও কেউ দোকান বন্ধ করে রেখেছেন কি না তা জানা নেই। তাঁর কাছে কেউ অভিযোগও করেননি। করলে অবশ্যই ব্যবস্থা নেবেন। একই ধরনের কথা বলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।