আসামিপক্ষের মানববন্ধনে বাধা, সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফিরোজ মিয়া খাদেম (৮৩) নামের এক কৃষক খুনের ঘটনায় গতকাল সোমবার আসামিপক্ষের লোকজনের মানববন্ধনে বাধা দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার শাহজাদাপুর গ্রামের বাসিন্দা ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মফিল মিয়ার সঙ্গে একই গ্রামের ফজর আলীর মধ্যে একটি সরকারি পুকুরের দখলসহ বিভিন্ন বিষয়ে তিন বছর ধরে বিরোধ চলে আসছে। এসব ঘটনার জের ধরে গত ১৮ মে মফিল মিয়ার পক্ষের ফিরোজ মিয়া খুন হন।

মফিলের দাবি, ১৮ মে রাত আটটার দিকে তাঁর পক্ষের সায়েদ মিয়া (৩২) তাঁর (মফিল) ছোট ভাই কফিল মিয়ার বাড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ফজর আলীর ভাতিজা কাউছার মিয়ার নেতৃত্বে ১৫-১৬ জন লোক দা ও লাঠিসোঁটা নিয়ে সায়েদ মিয়াকে ধাওয়া করেন। সায়েদ মিয়াকে রক্ষা করতে ফিরোজ মিয়া এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় গত ১৯ মে ফিরোজের ছেলে দিন ইসলাম বাদী হয়ে কাউছার মিয়াকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে গতকাল দুপুর ১২টার দিকে ‘শান্তিপ্রিয় শাহজাদাপুর গ্রামবাসী’র ব্যানারে শাহজাদাপুর বাজারে মানববন্ধন চলছিল। এতে ফিরোজ হত্যা মামলার আসামিদের নেতৃত্বে গ্রামের কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন থেকে ফিরোজের প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি করা হয়। এ সময় মফিল মিয়া ও তাঁর লোকজন মানববন্ধনে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ওই ১০ জন আহত হন।