কিশোরগঞ্জের ভৈরবে হত্যা মামলার আসামিপক্ষের বিরুদ্ধে গতকাল শনিবার হামলা চালিয়ে চার নারীসহ বাদীপক্ষের ছয়জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে গিয়ে ফেরার পথে হামলায় সাংবাদিকসহ দুজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন হাজেরা বেগম (৫৫), তাঁর মেয়ে তানিয়া বেগম (২০), ছেলে সুমন মিয়া (২৭), পুত্রবধূ রুমা বেগম (২৪), নাতি সফিকুল ইসলাম (২২) ও সীমা বেগম (১৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কাজী জাকিয়া নুসরাত বলেন, ছয়জনই মাথায় আঘাত পেয়েছেন। প্রত্যেককে একাধিক সেলাই দিতে হয়েছে। গুরুতর আহত হাজেরা ও তানিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল থেকে ফেরার পথে হামলার শিকার হন রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম (৬৫) ও স্থানীয় দৈনিক পূর্বকণ্ঠ-এর নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন (৪৮)। তাঁরা বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।
আহত ব্যক্তিরা বলেন হাজেরা বেগমের বাড়ি পৌর শহরের গাছতলাঘাট মহল্লায়। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মহল্লার একটি ঘর থেকে তাঁর মেয়ে শিমুল বেগমের (২৫) লাশ উদ্ধার হয়। এ ঘটনায় হাজেরা বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এরপর থেকে আরিফুল ও তাঁর অনুগত ব্যক্তিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। এর জের ধরে গতকাল বেলা দেড়টার দিকে গাছতলাঘাট মহল্লার ফরিদ মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে হাজেরার বাড়িতে হামলা চালানো হয়। ফরিদ বিএনপির নেতা আরিফুল ইসলামের অনুগত এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাঁদের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়।
আহত রুমা বেগম বলেন, হামলায় সাত থেকে আটজন অংশ নেন। মারধর করে চলে যাওয়ার সময় ফরিদ বলে গেছেন, এরপরও যদি মামলা নিয়ে বাড়াবাড়ি করা হয় তাহলে প্রাণে মেরে ফেলবেন।
ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, তিনি ও আলাল উদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তিদের দেখতে যান। বের হয়ে গাছতলাঘাট এলাকায় পৌঁছালে বিকেল চারটার দিকে ফরিদের লোকজন তাঁদের ওপর হামলা করেন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করেন।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, হামলাকারী শনাক্ত ও হামলার কারণ জানার চেষ্টা চলছে। তবে আহত ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, শিমুল হত্যা মামলা তুলে না নেওয়ায় আসামিপক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে।
মুঠোফোন বন্ধ থাকায় চেষ্টা করেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তবে ফরিদ মিয়া বলেন, ‘আমি কিংবা আরিফুল ইসলাম কেউই হামলার সঙ্গে জড়িত না। তাঁরা অন্য ঘটনায় অন্য কারও দ্বারা আহত হয়ে থাকতে পারেন।’